বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এখন জিলিয়ান মেলসপ

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এখন জিলিয়ান মেলসপ
জিলিয়ান মেলসপ | ছবি: ইউনিসেফ

বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জিলিয়ান মেলসপ। আজ সোমবার ইউনিসেফ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

জিলিয়ান মেলসপের আগে এ পদে ছিলেন রানা ফ্লাওয়ার্স। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশে হামের টিকা প্রসঙ্গে আলোচনায় এসেছিলেন রানা ফ্লাওয়ার্স। সরকার ইউনিসেফের মাধ্যমে হামের টিকা সংগ্রহ করে। অন্তর্বর্তী সরকারের সময় টিকার সংকট দেখা দেয়। অনেক শিশু সময়মতো হামের টিকা পায়নি।

টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতির বিষয়টি সামনে আসে। সমালোচনার মুখে চলতি বছরের ২০ মে ইউনিসেফ এক সংবাদ সম্মেলন করে। সেখানে রানা ফ্লাওয়ার্স জানান, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠির মাধ্যমে সম্ভাব্য টিকাসংকটের বিষয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। ইউনিসেফ জানায়, টিকা ক্রয়প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার পরিবর্তন আনার ফলে দেশে সময়মতো টিকা পৌঁছায়নি।

উল্লেখ্য, চলতি বছর হামে সাড়ে সাতশো শিশুর মৃত্যু হয়েছে।