এবার জাতিসংঘ মহাসচিব পদে মনোনয়ন পাওয়া নারীরা

রোকেয়া কালেকটিভ ডেস্ক
এবার জাতিসংঘ মহাসচিব পদে 
মনোনয়ন পাওয়া নারীরা
সংগ্রহীত

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষের দিকে আসায় নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে দায়িত্ব নেওয়া এই পদের জন্য প্রার্থী মনোনয়ন ইতিমধ্যে আহ্বান করেছে জাতিসংঘ।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী অঞ্চলভিত্তিক আবর্তনের বিষয়টি সামনে থাকলেও এবার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে এবার মনোনয়ন প্রক্রিয়ায় কোন কোন নারী সামনে আছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর)

মারিয়া ফার্নান্দা এসপিনোসা একজন অভিজ্ঞ কূটনীতিক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি ২০১৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি প্রথম লাতিন আমেরিকান নারী হিসেবে এই পদে আসেন। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুইবার এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর কাজের মূল ক্ষেত্র মানবাধিকার, লিঙ্গসমতা ও পরিবেশগত ন্যায়বিচার। বহুপাক্ষিক কূটনীতিতে তাঁর দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা)

রেবেকা গ্রিনস্প্যান একজন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ। তিনি বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে ইউএনডিপি-তে উচ্চপদে কাজ করেছেন। কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় তিনি পরিচিত। জাতিসংঘ ব্যবস্থায় দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা তাঁর বড় শক্তি হিসেবে দেখা হয়।

মিশেল ব্যাচেলেট (চিলি)

মিশেল ব্যাচেলেট চিলির দুই মেয়াদের সাবেক প্রেসিডেন্ট এবং একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদ হওয়া নেতা। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং ইউএন উইমেনের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার, গণতন্ত্র ও নারী অধিকারের পক্ষে তার আন্তর্জাতিক সুনাম রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে মহাসচিব পদে মনোনয়ন দেওয়া হলেও, মার্চ ২০২৬-এ চিলি আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এরপর তাঁর প্রার্থিতা কার্যত দুর্বল হয়ে পড়ে, যদিও কিছু দেশ এখনো ব্যক্তিগতভাবে সমর্থন জানায়।

ভার্জিনিয়া গাম্বা (আর্জেন্টিনা)

ভার্জিনিয়া গাম্বা একজন আর্জেন্টাইন কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাতিসংঘে শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নিরস্ত্রীকরণ, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত প্রতিরোধে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২৬ সালের মার্চে মালদ্বীপ তাঁকে মহাসচিব পদে মনোনয়ন দেয়। তবে মার্চ ২০২৬-এর শেষ দিকে মালদ্বীপ সেই মনোনয়ন প্রত্যাহার করে নেয়, ফলে তাঁর প্রার্থিতা কার্যত শেষ হয়ে যায়।